রাজধানীসহ সারাদেশে পেঁয়াজের দাম বেড়ে কেজিতে ৪০ টাকা, বিপাকে সাধারণ মানুষ
লেখক: মাহমুদুল হাসান পাপ্পু | সূত্র: দ্য ডেইলি টাইম নিউজ
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার বাজারে হঠাৎ করেই পেঁয়াজের দাম লাফিয়ে বেড়েছে। কয়েকদিনের ব্যবধানে কেজিপ্রতি দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সাধারণ ক্রেতারা পড়েছেন চরম ভোগান্তিতে।
বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহ আগেও যেখানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৬০ থেকে ৭০ টাকায়, সেখানে এখন তা ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, ভারতীয় পেঁয়াজের দামও বেড়ে দাঁড়িয়েছে ৯০ থেকে ৯৫ টাকায়।
সাধারণ মানুষ অভিযোগ করে বলছেন, দেশে কোনো প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, হরতাল কিংবা আমদানি সংকট না থাকা সত্ত্বেও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ছে। কেউ বলছেন, “বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই। যারা যেভাবে পারছে, সেভাবেই দাম বাড়াচ্ছে। সরকারের তদারকি নেই বললেই চলে।”
মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষদের এখন আয় থেকে তিনগুণ বেশি খরচ করতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শুধু পেঁয়াজ নয়, চাল, ডাল, তেল, সবজি—সব কিছুর দামই এখন নাগালের বাইরে।
এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাজার মিল থেকে শুরু করে ফ্যাক্টরি পর্যন্ত সবখানেই অনিয়ম আর দুর্নীতি চলছে। আমাদের মতো গরিব মানুষদের খোদা ছাড়া আর কেউ দেখার নেই।”
বাজার বিশ্লেষকরা বলছেন, প্রশাসনের কঠোর নজরদারি এবং বাজার ব্যবস্থাপনায় সুষ্ঠু সমন্বয় না থাকায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সুযোগ নিচ্ছে। তারা মজুতদারির মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল করে তুলছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, বাজারে স্থিতিশীলতা আনতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে, শুধু অভিযান নয়, পণ্যের সরবরাহ ব্যবস্থায় দীর্ঘমেয়াদি সংস্কার আনলেই পরিস্থিতি উন্নতি সম্ভব।


0 Comments